কচুয়ার চৌমুহনী ডিএস আলিম মাদরাসার নবগঠিত কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের চৌমুহনী ডিএস আলিম মাদরাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শফিকুল ইসলাম স্বপন পাঠানসহ কমিটির অন্যান্য সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি শফিকুল ইসলাম স্বপন পাঠান।
তিনি বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শতভাগ ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের ভালো ফলাফল নিশ্চিত করতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, শিক্ষার্থীদের আবাসিক সুবিধা চালু এবং শিক্ষকদের নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাপান তাগুচি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. আব্দুল হক, কাদলা ইউনিয়নের শিক্ষা সমন্বয়ক জান্নাতুল আলম আলমগীর, কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এবায়েদ তালুকদার, মাদরাসার সহকারী অধ্যাপক মীর মো. কাউসার হোসেন এবং সাবেক ইউপি সদস্য মো. ফারুক আহমেদ।
এ সময় মাদরাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

ছবি ক্যাপশন: কচুয়ার চৌমুহনী ডিএস আলিম মাদরাসার সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি শফিকুল ইসলাম স্বপন পাঠান।
Leave a Reply