কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ার ঐতিহ্যবাহী চাঁদপুর এম. এ. খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কলেজে আজ তোমাদের প্রথম দিন। কলেজের ভালো ফলাফল তোমাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের প্রত্যাশা, কচুয়ার প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত সন্তান গড়ে উঠবে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক রসুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, পরিচালনা পর্ষদের সদস্য মো. ফারুক হোসেন, প্রভাষক শওকত আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক সঞ্জিত কুমার শীল, উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, একাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিবা আক্তার ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা আক্তার।
অনুষ্ঠানে প্রভাষক সোহেল আহমেদ সার্বিক তত্ত্বাবধান করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না: অধ্যাপক আব্দুল ওয়াদুদ
একই দিন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজনদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি বলেন, আগামী ২৬ অক্টোবর সমগ্র উপজেলায় অভিন্ন প্রশ্নপত্রে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শুরু হবে। টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

ছবি: কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।
Leave a Reply