কচুয়ার ডুমুরিয়ায় সুন্নী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে মাদ্রাসা ও পাঠাগারের উদ্যোগে ৩৬ তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব।
কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ ক্বারী মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইশতিয়াক আহমদ বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং মাদ্রাসার মুদাররিস মুফতি মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকীর পরিচালনায় সম্মেলনে পবিত্র কোরআন-হাদিসের আলোকে দ্বীনি শিক্ষা, ইসলামী আদর্শ, সুন্নীয়তের গুরুত্ব ও মানবজীবনে ধর্মীয় অনুশাসন অনুসরণের বিষয়ে আলোচনা করা হয়।
এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজী, মুফতি আহসান হাবীব আল কাদেরী, মিনহাজুল আবেদিন আল কাদেরী, মাওলানা মাকসুদ আলী ও মাওলানা গোলাম গাউস কাদেরী।
বক্তারা তাঁদের আলোচনায় ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও সুন্নীয়তের আদর্শে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় আলোচনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

ছবি: কচুয়ায় সুন্নি সম্মেলনে বয়ান রাখছেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব।
Leave a Reply