কচুয়ায় একাধিক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বিশেষ প্রতিনিধি :
কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নোয়াগাঁও গ্রামের মহিন উদ্দিন লিটন ও একই গ্রামের মানিক হোসেনের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে মানিক হোসেনসহ এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করার উদ্দেশ্যে মহিউদ্দিন এর স্ত্রী নাসরিন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মানিক হোসেনসহ ৪ জনকে বিবাদী করে মামলা দায়ের করে।
বক্তারা জানান, মহিউদ্দিন লিটন ২০২৩ সালের ২৫ মে দক্ষিণ নোয়াগাঁও মৌজার বিএস ২৮৭দাগে সাড়ে আট শতাংশ এবং বিএস ২৮৮ দাগে ১৪ শতাংশসহ মোট সাড়ে ২২ শতাংশ সম্পত্তি বিক্রি করার জন্য টাকা নিয়ে বায়না দলিল সম্পাদিত করে জমি বুঝিয়ে দেয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ আর রেজিস্ট্রি করে দেয়নি।
বরং এ নিয়ে বিরোধের একপর্যায়ে মহিউদ্দিন লিটন এলাকাবাসী ও মানিক হোসেনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবী করেন।
মানববন্ধনে অংশগ্রহণ কারিগরগন অবিলম্বে মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি সম্পন্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মানিক হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারেক, শাহজালাল, মজিবুর রহমান প্রধান ও কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানিক হোসেন আরও অভিযোগ করেন, জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগাদা দিলে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি বলেন,আমি আমার ক্রয়কৃত জমির বৈধ রেজিস্ট্রি চাই। পাশাপাশি হয়রানিমূলক মামলা থেকে মুক্তি চাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ছবি : কচুয়ায় একাধিক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধনের একাংশ।
Leave a Reply