কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার ধ্বংস,দুই ভুয়া ডাক্তারকে জরিমানা।
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, অনুমোদনহীন চিকিৎসা প্রদান এবং সড়কের পাশে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
৮ অক্টোবর বৃহস্পতিবার কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাসির।
অভিযানকালে কাদলা ইউনিয়নের দোঘর এবং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার ও ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ব্যবসায়ীরা পালিয়ে গেলেও দোঘর মাঠে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মেঘদাইর গ্রামে অনুমোদনহীনভাবে চিকিৎসা চর্চা করার অভিযোগে গুরুপদ ও জগন্নাথ চন্দ্র সরকারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আকানিয়া এলাকায় সড়কের পাশে বালু রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করায় সড়ক পরিবহন আইনে একজনকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, জনস্বার্থ রক্ষা, জনদুর্ভোগ লাঘব এবং আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা।
Leave a Reply