কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ মো:গোফরান উদ্দিন
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গোফরান উদ্দিন। তিনি পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের বাসিন্দা। এর আগে অনুষ্ঠিত দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। সর্বশেষ নির্বাচনে ভোটে এগিয়ে থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে ১১৯ ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থী হিসেবে আলী আক্কাস মোল্লাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে দাবি করেন হাফেজ গোফরান উদ্দিন।
দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকাবাসীর মধ্যে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন হাফেজ গোফরান উদ্দিন।
উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়:
পাথৈর ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ গোফরান উদ্দিন বলেন, ভৌগোলিকভাবে ইউনিয়নটি কচুয়া উপজেলা সদর থেকে তুলনামূলক দূরে। এর উত্তর পাশে দাউদকান্দি এবং পশ্চিম পাশে মতলব দক্ষিণ উপজেলা অবস্থিত। উপজেলা সদর থেকে দূরত্বের কারণে এ ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন ও নাগরিক সেবা থেকে পিছিয়ে রয়েছে।
তার মতে, পাথৈর ইউনিয়নের নিজস্ব কোনো ইউনিয়ন পরিষদ ভবন নেই। ফলে নির্বাচিত চেয়ারম্যান নিজ এলাকায় অস্থায়ীভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। এতে ইউনিয়নের সাধারণ মানুষকে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয়।
হাফেজ গোফরান উদ্দিন বলেন, “ইউনিয়নের মধ্যবর্তী স্থান মধুপুর বাজারে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণ করা হলে যোগাযোগ ও সেবা গ্রহণ—দুই ক্ষেত্রেই ইউনিয়নের সব এলাকার মানুষের সুবিধা হবে। তাই চেয়ারম্যান নির্বাচিত হলে মধুপুর বাজারে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
সড়ক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব:
পাথৈর ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি। দীর্ঘদিন ধরে অনেক রাস্তার যথাযথ সংস্কার বা উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বারৈয়ারা-মধুপুর বাজার হয়ে কৃষ্ণচূড়া মোড় পর্যন্ত সড়ক এবং মালিগাঁও-ধনেশ্বর সড়ক পাকাকরণ জরুরি। জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে এসব সড়ক উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি।
মাদক নির্মূলে যুব সমাজকে সম্পৃক্ত করার পরিকল্পনা:
সমগ্র কচুয়ার মতো পাথৈর ইউনিয়নেও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাফেজ গোফরান উদ্দিন। তার মতে, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর পাশাপাশি যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, খেলাধুলার সুযোগ বৃদ্ধির পাশাপাশি যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ নিয়ে তারা যাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যে পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষার মানোন্নয়নে ওয়ার্ডভিত্তিক শিক্ষা কমিটি:
শিক্ষাক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন হাফেজ গোফরান উদ্দিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন এমপির নির্দেশনা অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক ও এলাকার সুধীজনদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক শিক্ষা কমিটি গঠনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হবে।
তার পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার:
সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন তিনি। দল-মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হাফেজ গোফরান উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে কোনো বিশেষ গোষ্ঠীর চেয়ারম্যান না হয়ে দল-মত নির্বিশেষে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চান।
তিনি বলেন, “সততা, ন্যায়পরায়ণতা এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণেই এলাকার মানুষ আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন।”
নির্বাচনে জয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পাথৈর ইউনিয়নকে একটি উন্নত, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
এ সময় তিনি পাথৈর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply