কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার
কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া বাজারে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ রিপন চন্দ্র দে (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কচুয়া বাজারের বানিয়াপট্টি এলাকায় রিপন টি স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ভেতর তল্লাশি চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রিপন চন্দ্র দেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন চন্দ্র দে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া (দে বাড়ি) এলাকার মৃত খোকন চন্দ্র দের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার (২৩ আগস্ট) গ্রেফতারকৃত রিপন চন্দ্র দেকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply