দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা
ডেস্ক রিপোর্ট
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. শামছুল আরিফ।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীতে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইভাবে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অধীন সব দপ্তর ও প্রতিষ্ঠানে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি : দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা
Leave a Reply