অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার
কচুয়া বার্তা রিপোর্ট :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এ ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা একটি ভবনে সোমবার রাতে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান শুরু হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই সঙ্গে জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Leave a Reply