কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী নিজস্ব প্রতিনিধি : কচুয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচ এস সি, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (ভোকেশনাল) ২ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ৬ টি কলেজ ও ১ টি সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজের ১ হাজার ৫ শত ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্রে ১৫ টি মাদ্রাসার ৪৭৫ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করবে। কচুয়া উপজেলায় ৭ টি কেন্দ্রে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব ও পরীক্ষা কক্ষ সিসি ক্যামেরার আওতায় থাকবে। তাছাড়া প্রতিটি কেন্দ্রের নির্ধারিত এলাকায় পরীক্ষার সাথে সম্পৃক্ত ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না । কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে প্রতিটি কেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে। সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভিজিলেন্স টিমের সদস্যগণ দায়িত্ব পালন করবেন। আমরা কচুয়ায় নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকলের প্রচেষ্টায় এবারের এইচ এস সি ও সমমানের পরীক্ষা সুন্দর হবে বলে আমরা আশাবাদী।
মাননীয় শিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন মহোদয়ের নিজের উপজেলা হিসেবে আমরা আরো বেশি সতর্কতার সাথে সুন্দর পরীক্ষা উপহার দেওয়ার জন্য প্রস্তুত।
Leave a Reply