ইউনিয়ন পরিষদ নির্বাচন
কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলামের গণসংযোগ ও কুশল বিনিময়
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার তিনি মেঘদাইর উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লি ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী মেঘদাইর গ্রামের প্রয়াত খোরশেদ আলম পাটোয়ারীর সন্তান। তাঁর প্রয়াত পিতা মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বর্তমানে মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী ওই মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুশল বিনিময়কালে মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী বলেন, “আমি ফাজিল পর্যন্ত লেখাপড়া করে প্রবাসে থেকেছি। বর্তমানে এয়ার টিকিটিং ব্যবসার সঙ্গে যুক্ত আছি। এই ব্যবসার মাধ্যমে প্রবাসে লোক পাঠানো এবং হজ ও ওমরাহ পালনের জন্য সৌদি আরবে লোক পাঠানোর কাজ করছি।”
তিনি বলেন, “মেঘদাইর গ্রামের কোনো বাসিন্দা এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই আমার ইচ্ছা, এবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, “আমি নির্বাচিত হলে সালিশের নামে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রকৃত হতদরিদ্র মানুষকে কোনো প্রকার বাড়তি সুবিধা ছাড়াই সব ধরনের সরকারি ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না।”
মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, “মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করা হবে। এলাকায় কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবী থাকবে না—এমন একটি সামাজিক পরিবেশ গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে জনগণকে দেওয়া সব ধরনের সেবা বিনামূল্যে প্রদান করা হবে। আমি যা সত্য বলে বিশ্বাস করি, সেই কাজ করতে কখনো পিছু হটব না। জনগণ কোনো প্রকার বিনিময় ছাড়াই সব ধরনের সেবা পাবে।”
মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী বলেন, তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এবং জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, একটি জনবান্ধব ও কল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গঠন তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পালাখাল মডেল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।
Leave a Reply