কচুয়ায় সাংবাদিক ও শিশু কন্যার ওপর হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা :
কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তার শিশু কন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর পশ্চিম বাজারে ইব্রাহিমের দোকেনের ব্রীজ সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে । আহত সাংবাদিক নাসির উদ্দিনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই কচুয়া উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়িতে সুমন পাটোয়ারী নামে এক যুবকের বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্ত সুমন পাটোয়ারী এলাকা ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানান। এ ঘটনার বিষয়ে সাংবাদিক নাসির উদ্দিনসহ অন্যান্যরা সংবাদ প্রকাশ করেন।
ওই সংবাদ প্রকাশের জেরে সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় সাংবাদিক নাসির উদ্দিন মোটরসাইকেল যোগে যাওয়ার সময় তার পথরোধ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহত সাংবাদিক নাছির উদ্দিন দৈনিক চাঁদপুর কন্ঠের কচুয়া উপজেলা প্রতিনিধি।
অভিযোগ রয়েছে, এ সময় সুমন পাটোয়ারীসহ ৫/৭জন দুর্বৃত্ত নাসির উদ্দিনের ও তার শিশু সন্তানকে বেদরক মারধর করে। দুর্বৃত্তরা লোহার রড দিয়ে নাসির উদ্দিনের মাথা, বুক, হাত ও পায়ে আঘাত করে।হামলার একপর্যায়ে সাংবাদিক নাসিরউদ্দিন ও তার সঙ্গে থাকা শিশু কন্যা আহত হন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সোমবার রাতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সাংবাদিক নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্টার জানান, নাসির উদ্দিনের মাথা ও বুকে আঘাতের চিহ্ন গুরুতর। চিকিৎসা চালিয়ে যেতে হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি আলমগীর তালুকদার,সাংবাদিক আবু সায়েম মৃধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছুটি যান। সাংবাদিকরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply