কচুয়া ডাকবাংলো মসজিদে সিএনজি চালকদের জামাতে নামাজ আদায়
নিজস্ব সংবাদদাতা:
শত কর্মব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন পালনের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করছেন অসংখ্য মুসলিম অটোরিকশা ও সিএনজি চালক।
এটি প্রতিদিনের দৃশ্য, বিভিন্ন গন্তব্যে যাত্রী ও পণ্য পরিবহনের কাজে ব্যস্ত থাকা সিএনজি চালক নামাজের সময় গাড়ি মসজিদ প্রাঙ্গণে রেখে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন।
সকাল থেকে রাত পর্যন্ত জীবিকার তাগিদে সড়কে ছুটে চলেন চালকরা। প্রচণ্ড ব্যস্ততা ও সময়ের চাপ থাকলেও নামাজের প্রতি আগ্রহের কারণে সময় হলে সিএনজি চালকগন মসজিদের সামনে গাড়ি রেখে জামাতে নামাজ আদায় করতে দেখা গেছে ।
স্থানীয়দের মতে, কর্মব্যস্ত জীবনে নামাজের প্রতি চালকদের এমন আন্তরিকতা সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। জীবিকার পাশাপাশি মহান আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট হয়ে জামাতে নামাজ আদায় প্রশংসার সৃষ্টি করেছে।
চালকগন বলেন, “রিজিকের সন্ধানে আমরা রাস্তায় থাকি, কিন্তু নামাজের সময় হলে আল্লাহর ঘরে হাজির হওয়াকে আমরা দায়িত্ব মনে করি। গাড়ি কিছু সময় বন্ধ রাখলে হয়তো কাজের সামান্য ব্যাঘাত ঘটে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া আমাদের কাছে কাম্য নয়।”
ডাকবাংলো মসজিদে প্রতিদিন এমন দৃশ্য দেখা যায়—আজানের ধ্বনি শুনে একে একে গাড়ি থামছে, চালকরা মসজিদমুখী হচ্ছেন এবং জামাতে নামাজ আদায় করছেন। কর্মব্যস্ত মানুষের জীবনে ইবাদত ও দায়িত্ব পালনের এই সমন্বয় নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
সংবাদদাতা: রায়হান
Leave a Reply