কচুয়া পৌরসভা নির্বাচন: ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইমাম হাসান
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা জানান দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইমাম হাসান। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকার কথা তুলে ধরে তিনি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইমাম হাসান বর্তমানে কচুয়া কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতি লিমিটেড’র পরিচালক, সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির নির্বাচিত প্রচার সম্পাদক, কোয়া একতা সমাজ কল্যাণ সংঘের সভাপতি এবং কোয়া নূরে মদিনা জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইমাম হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি কচুয়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কচুয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজের সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে ইমাম হাসান বলেন, তার বাড়ি উপজেলা পরিষদের সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে প্রতিদিন বিভিন্ন মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে উপজেলা পরিষদকেন্দ্রিক সেবা দিয়ে আসছেন। বিশেষ করে অসহায় মানুষের বিনামূল্যে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়তা প্রদানের কথাও জানান তিনি। তাছাড়া তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় টিউবয়েল প্রদান করে সুপেয় পানির ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডকে তিনি কোনো রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে নয়, বরং দৈনন্দিন মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। পাশাপাশি উপজেলা পরিষদ এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলেও জানান তিনি।
ইমাম হাসানের দাবি, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে তার প্রচেষ্টায় ডিআরএফ/ডিজিএফের চাল বিতরণের কার্যক্রম কচুয়া পৌর বাজার থেকে কোয়া এলাকায় স্থানান্তর করা হয়েছে। এতে স্থানীয় দরিদ্র মানুষের দুর্ভোগ কমেছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া উপজেলা পরিষদের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা একটি খাল তার প্রচেষ্টায় খনন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।কোয়া হাজী বাড়ির রাস্তা পাকা করানোর কাজ চলছে।
আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন পেলে ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে জনগণের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে ইমাম হাসান বলেন, “আমি ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের কল্যাণে ব্যবহার করতে অঙ্গীকারবদ্ধ।”
শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন সম্ভাব্য এই কাউন্সিলর প্রার্থী। তিনি বলেন, ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে শতভাগ শিক্ষার আওতায় আনার লক্ষ্য রয়েছে তার। অধিকারবঞ্চিত ও দরিদ্র শিশুদের বিনামূল্যে বই-খাতা ও শিক্ষা উপকরণ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ের বেতন-ভাতায় সহযোগিতা করে ওয়ার্ডটিকে শতভাগ শিক্ষিত করার পরিকল্পনা রয়েছে। গুনগত শিক্ষার মানোন্নয়নে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির নির্দেশনা অনুযায়ী কাজ করার কথাও জানান তিনি।
সামাজিক নিরাপত্তা ও নারী অধিকার প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইমাম হাসান। তিনি বলেন, ইভটিজিং, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পাশাপাশি নারীর নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠাকে তিনি তার অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে কোয়া, পলাশপুর, কান্দারপাড়, কড়ইয়া এবং বালিয়াতলী এলাকার একাংশসহ ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো এলাকা বা জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করা হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরে ইমাম হাসান বলেন, ৩ নম্বর ওয়ার্ডের তরুণ-তরুণীদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষিত সমাজ, অভিভাবক ও যুবসমাজকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সবশেষে ইমাম হাসান বলেন, “৩ নম্বর ওয়ার্ডের মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, যুব উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ সব ক্ষেত্রে কাজ করতে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আসন্ন পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড থেকে সবাই আমাকে সহযোগিতা করবেন—এটাই আমার প্রত্যাশা।
Leave a Reply