কড়ইয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাংবাদিক আতাউল করিম
নিজস্ব সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার সর্ববৃহৎ কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও সংবাদ প্রকাশ হচ্ছে। এরই মধ্যে কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আতাউল করিম।
কড়ইয়া ইউনিয়নে ২৯টি গ্রাম রয়েছে এবং এ ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ৪৩ হাজার। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
সাংবাদিক আতাউল করিম বলেন, কড়ইয়া উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন হলেও ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো ভবন নেই। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের সেবার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। জনগণ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ইউনিয়ন পরিষদের সেবা পেতে পারে, সে বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে চান।
শিক্ষার বিষয়ে আতাউল করিম বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপির নির্দেশনা অনুযায়ী যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, মসজিদের ইমাম ও সুধীজনদের সমন্বয়ে শিক্ষা কমিটি গঠন করা হবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া শালিসের নামে জনগণের ভোগান্তি বন্ধ করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করার কথা জানান তিনি। সুবিদপুর ও সাদিপুরা চাঁদপুরে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত জায়গা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন।
আতাউল করিম বলেন, চাঁদপুর-১ (কচুয়া) আসনের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী যাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেবেন, তাকে বিজয়ী করতে তিনি কাজ করবেন।
জানা যায়, সাংবাদিক আতাউল করিম ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি কচুয়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। বর্তমানে তিনি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে আতাউল করিম বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের সেবা করার কাজের পরিধি আরও বাড়ে। সরাসরি জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। তাই মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
Leave a Reply